রূপ'গঞ্জে জামিনে এসে বাদীর বাড়িতে হামলা, গুলি ও ককটেল বিস্ফো'রণ
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলায় জামিন পাওয়ার পরই বাদীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানসহ তার অনুসারীরা।
এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট গুলিবর্ষণসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী রাজিব মিয়া জানান, গত ১লা জুন তার বড়ভাই সোলাইমানকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছকে প্রধান আসামি করে ২১ জনের নামে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন রাজিব মিয়া। ওই মামলায় গত বৃহস্পতিবার মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান চেয়ারম্যান আলমাছ।
এর আগে একই মামলায় আরও কয়েকজন জামিন পান। এদিকে জামিন পাওয়ার পর গতকাল জুমার নামাজ শেষে চেয়ারম্যান আলমাছ অস্ত্রধারী বডিগার্ড নিয়ে মুড়াপাড়ার মাছিমপুর এলাকায় প্রবেশ করে।
এ সময় আল'মাছের সহযোগী আওলাদ'সহ আরও কয়েকজন মিলে রাজিব ও তার আত্মীয়-স্বজনদের বাড়িতে হামলা চালায়।
এ সময় রাজিবের বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে আহত করে। হামলাকালে আলমাছ বাহিনীর লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। বডিগার্ডের শর্টগান থেকেও গুলিবর্ষণ করা হয়েছে বলে দাবি করেন রাজিব।
এ ঘটনায় আলমাছ চেয়ারম্যানের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, হত্যা মামলার বাদীর বাড়িতে হামলার খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment
মতামত প্রকাশ করুন