প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
১৫ মে থেকে মিলবে রাজশাহীর আম, আসবে কুরিয়ারে
প্রকাশঃ
স.স.প্রতিদিন ডেস্ক ।।
আগামী ১৫ মে থেকে রাজশাহীর আম বাগানের আম পাড়া যাবে। অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে-এর আগে কোনো আম নামানো যাবে না। ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পারবেন চাষিরা। এছাড়া করোনাভাইরাস পরিস্থিতিতে বাজারজাতকরণ সমস্যা দূর করতে কুরিয়ারে করে দেশের বিভিন্ন স্থানে আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত শুক্রবার রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর চাষিরা ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পারতে পারবেন। এছাড়া গোপালভোগ আম নামাতে পারবেন ২০ মে থেকে, রানীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৫ জুন এবং ফজলি ১৫ জুন থেকে নামানো যাবে। সবার শেষে ১০ জুলাই থেকে নামানো যাবে আশ্বিনা এবং বারী আম-৪।
অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশে বিখ্যাত রাজশাহীর আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাগান মালিকরা। অবশ্য জেলা প্রশাসন বলছে, কৃষিপণ্য লকডাউনের বাইরে থাকায় তাদের চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে কাজে লাগিয়ে অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারে আম পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে বলে রাজশাহীর সব উপজেলায় নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

Post a Comment
মতামত প্রকাশ করুন